সকালের নাস্তা, দুপুরের খাবার কিংবা রাতের খাবার—সবসময় ভারতের কথা না ভেবে নিজের দেশের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববারের (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, 'ডেইলি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাইতেই ইন্ডিয়া, লাঞ্চ খাইতেই ইন্ডিয়া, ডিনার খাইতেই ইন্ডিয়া— তাহলে ভাই আপনার নিজের দেশের খাবার কোন সময় খাবেন? খালি যদি ইন্ডিয়া ইন্ডিয়া করেন! নিজের দেশের চিন্তা করেন।'
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় ফোরামে যেখানেই সুযোগ থাকবে, সেখানেই আলোচনা করা হবে। তবে নেতাদের অনেক আমন্ত্রণ থাকায় সবার সঙ্গে বৈঠক করা সম্ভব হয় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল লক্ষ্য সাধারণ পরিষদে ভাষণ দেওয়া। সাইডলাইনে কার সঙ্গে বৈঠক হবে তা শেষ মুহূর্তেও নির্ধারিত হতে পারে। বহুপক্ষীয় সম্মেলনে এমনটাই হয়ে থাকে এবং কোনো বৈঠক চূড়ান্ত হলে তা সাংবাদিকদের জানানো হবে।
সীমান্তে হত্যাকাণ্ড ও বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে হুমায়ুন কবির বলেন, এসব বিষয় কূটনৈতিকভাবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সীমান্ত নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক আইন, প্রটোকল এবং ভারতের সঙ্গে বাংলাদেশের কাঠামোগত চুক্তি রয়েছে, যার আওতায় প্রতিটি পর্যায়ে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হবে। এছাড়া ভারতের সঙ্গে ১০১টি চুক্তির বিষয়ে তিনি জানান, বিষয়টি যাচাই-বাছাই ও সংসদীয় কমিটিতে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে তিনি সাংবাদিকদের চিফ হুইপের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।





