১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বর মাসে ৫ হাজার ৩১০ জনের মৃত্যু

প্রকাশ:

ইন্দোনেশিয়ায় বিগত কয়েক মাস ধরে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের ধোঁয়ায় সৃষ্ট তীব্র বায়ুদূষণের কারণে গত সেপ্টেম্বর মাসে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়েছে। হেলসিংকিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) নতুন এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, শুধু দাবানলের কারণেই গত সেপ্টেম্বরে দেশটিতে প্রায় ৩ হাজার ৫৬০ জন প্রাণ হারিয়েছেন। এতে দেখা গেছে, এসব উৎস থেকে ছড়ানো দূষণের কারণে শুধু সেপ্টেম্বর মাসেই আরো প্রায় ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে।

গবেষণাটিতে বায়ুদূষণের অতিক্ষুদ্র কণা পিএম ২.৫-এর স্বল্পমেয়াদি প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এর মাধ্যমে মূলত দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কয়েক দিনের মধ্যে ঘটা মৃত্যুগুলো হিসাব করা হয়েছে। দেখা গেছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে বন ও ভূমিতে অগ্নিকাণ্ডের ফলে বায়ুর মান এতটাই নিচে নেমে গিয়েছিল যে, আগস্টের তুলনায় দাবানলজনিত মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে বন ও ভূমিতে ছড়িয়ে পড়া আগুনের কারণে ইন্দোনেশিয়ার বায়ুমানের আরো অবনতি ঘটে।

তালিকায় কেবল দাবানল নয়, বরং শহর ও শিল্পকারখানার দূষণকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে বিভিন্ন উৎসের বায়ুদূষণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৩১০ জনে। এই ভয়াবহ দূষণের ফলে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর ও বিপজ্জনক বায়ুর কবলে পড়েছেন।

২৭ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশটিতে এই বায়ুদূষণ এখন জনস্বাস্থ্যের জন্য এক বড় সংকট হিসেবে আবির্ভূত হয়েছে। গবেষণায় দেখা গেছে, মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ঘটেছে বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ, জাভা, সুমাত্রা এবং দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায়। বায়ুদূষণের এমন ভয়াবহতা জনজীবন ও পরিবেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

শেয়ার করুন