গত ১৩ জুলাই অনুষ্ঠিত জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী চিফ হুইপের প্রস্তাবের ভিত্তিতে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
পুনর্গঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। কমিটির সদস্য হিসেবে পদাধিকারবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বা মন্ত্রী অন্তর্ভুক্ত থাকবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বগুড়া-২ আসনের মীর শাহে আলম, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের নুরুদ্দিন আহম্মেদ অপু, মুন্সিগঞ্জ-৩ আসনের মো. কামরুজ্জামান, মাগুরা-১ আসনের মো. মনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসন-২ এর শিরীন সুলতানা, চাপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম এবং ঢাকা-১৬ আসনের মো. আব্দুল বাতেন।
সংসদীয় কার্যপ্রণালী অনুযায়ী, এই স্থায়ী কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, নীতি ও কর্মপরিকল্পনা বিষয়ে সুপারিশ প্রদান, আইন ও বিধিবিধান পর্যালোচনা এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে সংসদীয় নজরদারির দায়িত্ব পালন করবে।





