সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের তথ্য নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সদ্যবিদায়ী প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের ফোনালাপের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার সঙ্গে সাহাবুদ্দিনের ফোনালাপের অভিযোগের সত্যতা গোয়েন্দা সংস্থা পেয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি তারা শুধু সংবাদমাধ্যমে দেখেছেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, যারা এ ধরনের খবর প্রকাশ করেছে, তাদের কাছে কি কোনো তথ্য-প্রমাণ আছে? সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আজকের ইন্টারনেটের যুগে কারও সঙ্গে কথা বলার জন্য লন্ডন যাওয়ার প্রয়োজন নেই, এখান থেকেই কথা বলা সম্ভব। তাই এই অভিযোগটি তার কাছে অলীক মনে হয়।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি শারীরিক কারণে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন। সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে এবং স্পিকার তা গ্রহণ করেছেন। বর্তমানে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বভার অস্থায়ীভাবে পালন করছেন। এগুলো সবই আইনি প্রক্রিয়া।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিকভাবে মানুষের কথা বলার ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বা এনসিপির মতো সংগঠন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারে, তবে তা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য নয়। সালাহউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে স্বৈরাচারের শেষ সময় থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক সরকারের প্রায় পাঁচ-ছয় মাস সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং এ সময় সরকার তার সহযোগিতা পেয়েছে।

শেয়ার করুন