লন্ডনে চিকিৎসা নেয়ার সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কোনো ফোনালাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সেটা আমি জানি না।’ বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, প্রেসিডেন্ট লন্ডনে চিকিৎসা নেয়ার সময় ভারতে পলাতক শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি চিকিৎসা নিতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন। অসুস্থ হলে চিকিৎসা তো নিতেই পারেন।’ এর আগে চিকিৎসার জন্য প্রেসিডেন্ট গত ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন।
প্রেসিডেন্ট স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা ওনাকেই (প্রেসিডেন্ট) জিজ্ঞাসা করতে হবে।’
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে শীর্ষ সাংবিধানিক পদে বহাল থাকা একমাত্র ব্যক্তি হলেন তিনি।





