হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা: ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

প্রকাশ:

নোয়াখালীর হাতিয়া সুপার মার্কেটে বিএনপি নেতার নেতৃত্বে চাঁদা দাবি, ভাঙচুর ও ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছে হাতিয়া সুপার মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মার্কেটের তৃতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি আমজাদ উদ্দিন সাফদার জানান, গত ২ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ভুল-বোঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পৌরসভা বিএনপির সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তিনি বলেন, 'পরিবর্তনের হাতিয়া গড়তে চাই', 'আকরাম হোসেন' ও 'জনতার কণ্ঠস্বর' নামের কয়েকটি ফেসবুক আইডি থেকে এই অভিযোগগুলো প্রচার করা হয়, যার কোনো সত্যতা নেই।

ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন, ওইদিন কোনো চাঁদাবাজি, ভাঙচুর বা হুমকির ঘটনা ঘটেনি। মূলত উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাছিব মো. মঈন উদ্দিন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদের সঙ্গে একটি ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে তাঁদের সমর্থকদের সঙ্গে মার্কেটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সদস্য জাফরের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌরসভা বিএনপির সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাত ঘটনাস্থলে গিয়ে শান্ত করার চেষ্টা করেন। তাকে জড়িয়ে এসব অভিযোগ তোলা উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন সমিতির সভাপতি।

ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, একটি অসাধু তৃতীয় পক্ষ দীর্ঘদিন ধরে মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক দলের বিরোধ সৃষ্টির পাঁয়তারা করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সত্যতা যাচাই না করে তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চললে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দুঃখ প্রকাশ করেন। এ সময় সমিতির উপদেষ্টা আমিরুল ইসলাম বাবুল, কোষাধ্যক্ষ আবু বকর ছিদ্দিক ও ব্যবসায়ী হাজি কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন