গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ:

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৩। বর্তমান সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শুক্রবার নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর অরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি মানবিক সরকার এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য তাদের নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যম নিয়ন্ত্রণের যেকোনো উদ্যোগ থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখা এবং এটিকে আরও স্বাধীন করার বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাংবাদিকদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্ভয়ে ও নির্বিঘ্নে কাজ করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকতার মানোন্নয়ন ও অপসাংবাদিকতা রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ চলমান রয়েছে। এছাড়া সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখতে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা হচ্ছে যাতে জনগণ দায়িত্বশীল সংবাদ পায়। তবে তিনি বাক্‌স্বাধীনতার নামে কাউকে হেয় করা বা সামাজিক হুমকি তৈরি হয় এমন লেখালেখি থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার বিচার বিভাগকে স্বাধীন দেখতে চায় এবং এতে কোনো হস্তক্ষেপ করতে চায় না। অতীতে ফ্যাসিস্ট আমলে বিচার বিভাগকে কুক্ষিগত করে রাখা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার বিচার বিভাগে কোনো নিয়ন্ত্রণ আরোপ করবে না। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে চলবে এবং কোনো অনিয়ম দেখলে সাংবাদিকদের আওয়াজ তোলার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু উপস্থিত ছিলেন। এছাড়া নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন