সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিনিয়ত ভুল তথ্য, অপপ্রচার এবং ফেক ভিডিও ছড়িয়ে দেশের অনেক সম্মানিত ও নিরপরাধ মানুষকে হেয় করা হচ্ছে। এই ধরনের সাইবার বুলিং দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।
উপদেষ্টা জানান, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে, যারা সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। সরকার আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার প্রাক্কালে মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন নিয়ে প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি মিডিয়ার মাধ্যমেই জেনেছেন এবং এর বেশি কিছু তার জানা নেই। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে তিনি জানান, যদি কখনো মনে হয় কোনো দপ্তরে পারফরম্যান্সের ঘাটতি রয়েছে বা প্রশাসনিক সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন আছে, তবে প্রধানমন্ত্রী সেই অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার মতো সিদ্ধান্ত নেবেন। এটি জনগণের স্বার্থেই করা হবে বলে তিনি মন্তব্য করেন।





