বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার

প্রকাশ:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন আদেশ বাতিলের আইনি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি ল'ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে আয়োজিত রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, বিষয়টি শোনার পরপরই তিনি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন এবং স্বরাষ্ট্র সচিব দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কয়েক দিন আগেই আমরা ল'ফার্ম নিয়োগ করেছি, এই বিষয়টার জন্য শুধুমাত্র। তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বেইল ক্যানসিলেশনের জন্য সে পার্সিউ করবে।' বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে বলে খবর পাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, 'কী শর্ত, আমি সার্টিফায়েড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল'ফার্ম নিয়োগ হয়েছে, তাদেরকে আমরা ইন্সট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যানসিলেশনের জন্য তারা পার্সিউ করে।'

বেনজীর আহমেদ আইনানুগভাবে দেশত্যাগ করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি, বেইল ক্যানসেল করতে পারব এবং দ্রুত সময়ের মধ্যে তাকে ফেরত নিতে পারব।'

শেয়ার করুন