জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ অনুসরণ শুরু করেছে। বুধবার ৩৬ জুলাই বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরের প্রধান ফটকে আয়োজিত ১১ দলীয় এক গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা বর্তমানে সরকারে আছেন, তারাও অতীতে মজলুম ছিলেন। কিন্তু এখন তারা পুরোনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টদের মতোই আচরণ করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ পরিবর্তনের জন্য ও সংস্কারের দাবিতে গণভোটে রায় দিয়েছে। ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে এবং এই রায়কে অপমান করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ তাড়াবে।
সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন যে, সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া ও নির্লজ্জ দলীয়করণ চলছে এবং দুর্নীতিকে জাতীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ৯টি বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং এসব ভিসি দলীয় নেতাদের মতো আচরণ করছেন। এছাড়া সিটি কর্পোরেশন ও জেলা পরিষদেও দলীয় লোকদের বসানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশে তিনি বলেন, দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে এবং গুলি খেয়ে মুক্তির পথে হাঁটতে শিখেছে। শহীদদের সঙ্গে কোনো বেইমানি করা হবে না। জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করা হবে না। ১৮ কোটি মানুষের সঙ্গে বেইমানি করা হবে না। জীবন দিয়ে লড়াই করে হলেও আমরা কথা রাখব। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। সরকার পুরোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখছে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে কঠোর রাজনৈতিক জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আমির নূমায়ন আলী মাস্টার, গোদাগাড়ী পৌর আমির আনারুল ইসলাম, পৌর সেক্রেটারি শওকত আলী, এনসিপির উপজেলা আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া এবং এলডিপির রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ প্রমুখ।
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৯: ৩১আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯: ৪৬





