গণতন্ত্র ও শহীদদের মর্যাদা রক্ষায় সরকার আপসহীন: জহির উদ্দিন স্বপন

প্রকাশ:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং অর্জিত গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারবদ্ধ। বুধবার (৫ আগস্ট) সকালে বরিশাল নগরীর আমতলার মোড় সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যেসব বীর শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারী ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে এবং নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরও জোর দিয়ে বলেন, সেই রক্তের দায় শোধ করার লক্ষ্যেই গণতন্ত্রের সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই লড়াইয়ে সরকার কোনো ধরনের আপস করবে না।

এ সময় দেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন মন্ত্রী। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর জুলাইয়ের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন