চড়া দামে এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করল সরকার

প্রকাশ:

আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ঊর্ধ্বমুখী দামের মধ্যেই সরকার আরও চড়া মূল্যে এলএনজি আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সাম্প্রতিক বৈঠকে প্রতি এমএমবিটিইউ (MMBtu) ২৮ মার্কিন ডলারের বেশি দরে এলএনজি কেনার একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে উত্থাপিত এলএনজি কেনার প্রস্তাবটি কমিটির বৈঠকে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

কয়েক মাসের ব্যবধানে এলএনজির ক্রয়মূল্য প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। গত বছরের ডিসেম্বরে সরকার প্রতি এমএমবিটিইউ এলএনজি সাড়ে ১০ ডলারের নিচে কিনতে পেরেছিল। এর আগে গত ২৪ আগস্টের বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬৩ ডলারে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। তারও এক সপ্তাহ আগে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ ডলার দরে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বৈঠকে তিনটি কার্গোর জন্য তিনটি প্রতিষ্ঠানের দর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৪৯তম কার্গোর জন্য আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রতি এমএমবিটিইউ ২৭ দশমিক ৫৪ ডলার দর প্রস্তাব করেছে। ৫০তম কার্গোর জন্য বিপি সিঙ্গাপুরের প্রস্তাবিত দর ২৮ দশমিক ০৩ ডলার। এছাড়া ৫১তম কার্গোর জন্য ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুরের প্রস্তাবিত দর ২৬ দশমিক ৬৬৮৮ ডলার।

পাশাপাশি আরামকো ট্রেডিং সিঙ্গাপুর ও পেট্রোবাংলার মধ্যে জিটুজি ভিত্তিতে স্বাক্ষরিত স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় আরও একটি অতিরিক্ত কার্গো কেনার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর এই কার্গো কেনার প্রস্তাব রয়েছে, যেখানে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৮ ডলার দরে এলএনজি কেনার কথা বলা হয়েছে।

শেয়ার করুন