সব মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রকাশ:

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর বনানী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন প্রদান করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, এই মামলায় তাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত একটি রুলও জারি করেছেন। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, আইনজীবী মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সায়লা শাজনীন শান্তা। আইনজীবীদের দাবি, এই জামিনের মাধ্যমে তার বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলায় জামিন সম্পন্ন হলো, ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা রইল না।

উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছিল, যার মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। অবসরের পর ২০১৩ সালের ২৩ জুলাই তৎকালীন সরকার তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়, যেখানে তিনি কয়েক দফায় পুনর্নিয়োগ পেয়েছিলেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।

গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই দিন রাতেই যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে মোট নয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজ সবশেষ মামলার জামিনের মাধ্যমে আইনি প্রক্রিয়ার একটি ধাপ সম্পন্ন হলো।

শেয়ার করুন