আগামী তিন দিনে ১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

প্রকাশ:

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১২টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভারী বৃষ্টিপাতের প্রভাবে পানি দ্রুত বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, ১২৭টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৮টিতে পানি বেড়েছে, ৮৬টিতে কমেছে এবং তিনটিতে অপরিবর্তিত রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ২৫৮ মিলিমিটার, নারায়ণহাটে ১৬৫ মিলিমিটার, টেকনাফে ১৫৮ মিলিমিটার, কক্সবাজারে ১২৯ মিলিমিটার, রামগড়ে ১০৫ মিলিমিটার, বান্দরবানে ১০২ মিলিমিটার, সুনামগঞ্জের মহেশখোলায় ১০১ মিলিমিটার, পাঁচপুকুরিয়ায় ৯৫ মিলিমিটার, লামায় ৯৩ মিলিমিটার এবং ফেনীর পরশুরামে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও ত্রিপুরার বিভিন্ন স্থানেও ভারী বৃষ্টিপাত হয়েছে, যা বাংলাদেশের উজানের নদীগুলোতে পানির চাপ বাড়াচ্ছে।

বন্যা পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়াও লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকা সাময়িকভাবে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। এছাড়া ধরলা ও দুধকুমার নদী লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু স্থানে সতর্ক সীমায় পৌঁছাতে পারে। তবে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানি পরিস্থিতি নিয়ে ভিন্ন বার্তা দিয়েছে সংস্থাটি। গঙ্গা নদীর পানি স্থিতিশীল থাকলেও পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন কমতে পারে বলে জানানো হয়েছে। ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় থাকা মৌসুমি নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শেয়ার করুন