জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য স্থলপথ পর্যালোচনার উদ্দেশ্যে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা। ২২ নভেম্বর রোববার ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে অন্য কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নেতারা পেট্রাপোল ও আগরতলা সফরের পরিকল্পনা করছেন। পাশাপাশি শেখ হাসিনা কোন বাস্তবসম্মত পথে বাংলাদেশে ফিরতে পারেন, তা পর্যালোচনা করাও তাদের সফরের লক্ষ্য।
প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিনিধিদলে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তারা পেট্রাপোল সীমান্ত ও সেখানকার ইমিগ্রেশন কেন্দ্র ঘুরে দেখেছেন।
ভারতীয় গণমাধ্যম সিএনএন-নিউজ ১৮ এবং নিউজ ১৮-এর তথ্যমতে, এই নেতারা আগামী কয়েক দিনের মধ্যে আগরতলায় গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাও পরিদর্শন করবেন। এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, আপাতত অপেক্ষা করে দেখতে হবে কী ঘটে। শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নিয়ে সৃষ্ট এই আলোচনার প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় দলীয় নেতাদের এই সফর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।





