ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত রোগী ও স্বজনরা দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নেত্রকোনার পূর্বধলা এলাকার হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং ময়মনসিংহের তারাকান্দা এলাকার বালিখা গ্রামের কুলসুমা (৩৫)। এছাড়া মারা যাওয়া একটি শিশুর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে তার পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশনসহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আগুন লাগার পর ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া জমে যায়, যা রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা ওভারহিটের কারণে লিফটের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসপাতালের লিফটের মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নতুন ভবনের অষ্টম তলার ছাদে অবস্থিত ১১ নম্বর লিফটের কন্ট্রোল রুমে এই অগ্নিকাণ্ড ঘটে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ফায়ার সার্ভিস প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছে।





