মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের সময় নিয়মিতভাবে প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে ইমিগ্রেশন কর্মকর্তারা সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন। এ ঘটনার প্রেক্ষিতে হাইকমিশন তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে। পরবর্তী সময়ে ইমিগ্রেশন পুলিশ সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই করার পর তাদের ছেড়ে দেয়।
হাইকমিশন জানিয়েছে, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ান সরকারের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। এর আগে গতকাল রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেট হিসেবে পরিচিত কোতারায়া এলাকায় ইমিগ্রেশন বিভাগ অভিযান চালায়। ওই অভিযানে ৩৬৪ জন বাংলাদেশিসহ মোট ৪৭২ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী ছিলেন।





