৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি হামলায় নিহত কর্মীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ফিরছে

প্রকাশ:

সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস-বাংলার বিএস ৩৬২ ফ্লাইটে মরদেহটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। পরদিন শুক্রবার ঢাকা সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, গত ১০ অক্টোবর বিকাল ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় প্রাণ হারান শাহেদ আহম্মেদ। বগুড়ার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলামের সন্তান ছিলেন তিনি। শাহেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

এদিকে, নিহত শাহেদের কর্মস্থল সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি তার বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট হিসাবে জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই অর্থ দ্রুত সময়ের মধ্যে শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনা এবং পরিবারের কাছে প্রাপ্য অর্থ পৌঁছে দেওয়ার বিষয়টি তদারকি করা হচ্ছে।

শেয়ার করুন