চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে মোট ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ডলার প্রতি ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি ১০ লাখ টাকা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু রবিবার (১৩ সেপ্টেম্বর) একদিনেই দেশে ২ হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয় এসেছে।
গত বছরের একই সময়ের সাথে তুলনা করলে দেখা যায়, চলতি বছরের প্রথম ১৩ দিনে প্রবাসী আয় ৯ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৩০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় ১৬ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।





