১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের প্রতিভা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

প্রকাশ:

শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনাকে পূর্ণরূপে বিকশিত করার লক্ষ্যে তাদের জন্য উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। পরিদর্শন শেষে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বারোপ করেন।

শিশুদের আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক হিসেবে অভিহিত করে জুবাইদা রহমান বলেন, যেকোনো আকাঙ্ক্ষার জন্য মুক্ত আকাশই শেষ সীমানা। শিশু-কিশোররা আকাশচুম্বী স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে, কারণ তারাই জাতির ভবিষ্যৎ। তিনি আরও বলেন, প্রতিটি শিশুর জীবন অগণিত আকাশচুম্বী ভাবনায় ভরপুর। তাদের জন্য সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বন্দোবস্ত, সবুজ খোলামাঠে প্রকৃতির মাঝে বিচরণের সুযোগ এবং যেকোনো ব্যাধির চিকিৎসার নিশ্চয়তা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ৬৪টি জেলা, উপজেলা ও ৫৯৯টি ইউনিয়নের ৯ হাজার ৯৯০টি গ্রামের কোনো শিশু যেন অবহেলায় ঝরে না পড়ে এবং প্রত্যেক শিশু যেন তার অভিভাবক ও পরিবারের কাছে সুরক্ষিত থাকে, সে বিষয়ে তিনি জোর দেন।

শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বলেন, সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে শিশুরা তাদের অসীম প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। দলগতভাবে যেকোনো সাফল্য অর্জন এবং খেলাধুলার মানসিকতা তাদের পরবর্তীতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শক্তি ও মনোবল জোগাবে। তিনি আরও বলেন, শিশুরা সমাজ ও রাষ্ট্রের মূল্যবান সম্পদ, যাদের আকাশচুম্বী মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।

নারীদের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের ৫১ শতাংশ নারী জনসংখ্যার উন্নয়নে বাফওয়ার এ ধরনের প্রশিক্ষণ ও হস্তশিল্পের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অভিনব। তিনি গোল্ডেন ঈগল স্কুলের ছাত্রীদের ধন্যবাদ জানান এবং তাদের সম্ভাবনার শীর্ষে পৌঁছানোর শুভ কামনা করেন। অনুষ্ঠানের আগে তিনি ব্লু স্কাই স্কুল পরিদর্শন করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে তিনি ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান। এছাড়া বক্তব্য রাখেন ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ (পিএসসি)। অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার প্রতিনিধিবৃন্দ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন