সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইফুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালের ভেতর এখনো প্রচুর ধোঁয়া রয়েছে। ফায়ার সার্ভিসের টিম বর্তমানে সেখানে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া পরিস্থিতি সামাল দিতে সাতক্ষীরা সদর থানার পুলিশ, বিজিবি এবং ট্রাফিক বিভাগের সদস্যরা তৎপর রয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ার কারণে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এদিকে, দুর্ঘটনার পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে স্থানান্তরের জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে।





