ঝিনাইদহের শৈলকুপায় পাচারের পথে এক হাজার কেজি সার আটক করেছে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলার চড়িয়ার বিল বাজার এলাকায় সারবোঝাই একটি ভ্যান থামিয়ে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা সারের মধ্যে ১৫ বস্তা ডিএপি ও পাঁচ বস্তা টিএসপি রয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে ভ্যানে করে এসব সার শৈলকুপার ফুলহরি গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে নেওয়া হচ্ছিল।
খবর পেয়ে শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ ঘটনাস্থলে যান। পুলিশের সহায়তায় সারগুলো উদ্ধার করা হয়। সাকিব আহমেদ জানান, উদ্ধারকৃত সারগুলো সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে এবং বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
তবে এই সার কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কার বরাদ্দে ছিল এবং কেন তা নির্ধারিত গন্তব্যের পরিবর্তে ফুলহরি গ্রামের একটি বাড়িতে নেওয়া হচ্ছিল—এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা কিংবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তথ্যও মেলেনি।
স্থানীয়দের মতে, সার পরিবহনের ক্ষেত্রে সরকারি কোনো নিয়ম বা নির্দেশনা লঙ্ঘন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কৃষকদের প্রশ্ন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার কীভাবে এক জেলা থেকে অন্য জেলায় পরিবহন করা হচ্ছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সারের উৎস, বরাদ্দ, পরিবহনের বৈধতা এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





