নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

প্রকাশ:

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা এ নিয়ে সরব রয়েছেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল দায়িত্ব গ্রহণের পর থেকেই রায়পুরার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন।

এমপি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি জাতীয় সংসদে সমবন্টন নীতি চালু, চাঁদাবাজি ও মাদক নির্মূল এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের ঘোষণা দেন। বিশেষ করে রায়পুরার চরাঞ্চলের দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে। এলাকাবাসী তাকে এখন ‘শান্তির দূত’ হিসেবে অভিহিত করছেন এবং তার নিরপেক্ষ ভূমিকার কারণে শত শত পরিবার নিজ বাড়িতে ফিরে স্বাভাবিক জীবনযাপন করছেন।

দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি অভিভাবকের মতো দায়িত্ব পালন করছেন। গত ১৭ বছর ধরে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের মাধ্যমে তিনি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল ও সাধারণ মানুষের জন্য তার দুয়ার সবসময় খোলা থাকায় তিনি সব শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা অর্জন করেছেন। রায়পুরাকে একটি মডেল ও শান্ত জনপদে রূপান্তর করাই তার মূল লক্ষ্য। স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার হার বাড়াতে তিনি নিরলস কাজ করছেন বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। রায়পুরার জনগণ তাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, রায়পুরার চরাঞ্চলসহ সমগ্র বাংলাদেশের টেকসই উন্নয়নে যেকোনো দায়িত্ব পালনে তিনি প্রস্তুত। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের ‘স্মার্ট ও স্বনির্ভর বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নে একজন প্রকৌশলী হিসেবে কারিগরি মেধা প্রয়োগে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রিসভায় দায়িত্ব পেলে সততা ও মেধার মাধ্যমে তিনি দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন বলে শতভাগ আশাবাদী।

শেয়ার করুন