তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কাজের ধারার বাইরে এসে আধুনিক ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ক এক ভার্চুয়াল সভায় তিনি বলেন, পরিবর্তিত প্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা পর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের তথ্য দ্রুত ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো বিকল্প নেই। বিশেষ করে দুর্যোগকালীন সময়ে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, তথ্য এখন মানুষের জীবনের জন্য অক্সিজেনের মতোই অপরিহার্য। তাই ভুল তথ্য বা অপতথ্যের বিস্তার রোধ করে তথ্যপ্রবাহ পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য রাখা তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব। অতীতে প্রজেক্টর বা প্রচারযানের মাধ্যমে সচেতনতামূলক কাজের যে গুরুত্ব ছিল, তা স্বীকার করেও তিনি বর্তমান বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক ডিজিটাল মাধ্যমকে সর্বোচ্চ ব্যবহারের তাগিদ দেন। সঠিক তথ্য সময়মতো জনগণের কাছে পৌঁছাতে না পারলে বিভ্রান্তির সুযোগ তৈরি হয় এবং সরকারের সাথে জনগণের দূরত্ব বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য অধিদপ্তরকে (পিআইডি) যৌথভাবে প্রতিদিন তথ্য সংগ্রহ, সমন্বয় ও প্রচারের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী। সভায় উপস্থিত তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুর্যোগ-সংক্রান্ত তথ্যের নিয়মিত হালনাগাদ নিশ্চিত করতে একটি অনলাইন ড্যাশবোর্ড বা ডিজিটাল পোর্টাল চালুর ওপর জোর দেন। তিনি মন্তব্য করেন যে, মন্ত্রণালয়ের অনেক কার্যক্রম দৃশ্যমান না হলেও এর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী।
ভার্চুয়াল এই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জেলার তথ্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।




