জুলাই স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামান। গত বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামানকে বদলিপূর্বক প্রেষণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতদিন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব অতিরিক্ত হিসেবে পালন করে আসছিলেন।

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এই আন্দোলনের বিভিন্ন দিক পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, ড. মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জাদুঘরটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। একই সঙ্গে এটি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, স্মৃতি এবং গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন