ঢাবি স্নাতক ভর্তি: আবেদন ১১ই নভেম্বর, পরীক্ষা শুরু ৫ই ডিসেম্বর

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ১১ই নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। শিক্ষার্থীরা ২৫শে নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার মোট ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ই ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ই ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯শে ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২শে ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচির বিষয়ে জানানো হয়েছে, আইবিএ ছাড়া অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। চারুকলা ও আইবিএ বাদে অন্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার মানবণ্টন ও পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা থাকবে। এছাড়া আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর ২০ নম্বরসহ মোট ১২০ নম্বরে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে জিপিএর পৃথক শর্তও নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ২৮শে মার্চ থেকে শুরু হবে।

ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১-২০২৪ সালের মাধ্যমিক/সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শেয়ার করুন