রাষ্ট্রবিরোধী অভিযোগে ঢাবির ৫৮ শিক্ষক শনাক্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশ:

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৮ জন শিক্ষককে শনাক্ত করা হয়েছে। এই শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই, করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মোফাজ্জল হোসেন এবং আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ইকরামুল হক। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কমিটি ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের মোট ৪০৪ জন শিক্ষক একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম সক্রিয় করা এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন। ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের নাম উল্লেখ ছিল, যার মধ্যে ৫৮ জনকে ইতিমধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গঠিত তদন্ত কমিটি শনাক্ত হওয়া ৫৮ জন শিক্ষকের বিরুদ্ধে আসা অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। তদন্ত চলাকালে যদি নতুন করে অন্য কোনো শিক্ষকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়, তবে তাদের বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে।

এর আগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং তৎকালীন শাসনব্যবস্থাকে মদদ দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে কাউকে দায়িত্ব থেকে অব্যাহতি আবার কাউকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে একাধিক শিক্ষক বর্তমানে বয়কটের মুখে রয়েছেন। নতুন এই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন