ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৫

প্রকাশ:

বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সাজু পাম্পের সামনে বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস, একটি মালবাহী ট্রাক এবং দুটি অটোরিকশার এই সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মোশাররফ হোসেন (৬১) নিহত হন। নিহত মোশাররফ উজিরপুর উপজেলার বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে ঢাকা থেকে বরিশালগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা দুটি অটোরিকশা ও একটি মালবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ট্রাকটির আংশিক ক্ষতি হয়। বাসের সামনের অংশও দুমড়ে-মুচড়ে গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, থানা পুলিশ এবং হাইওয়ে ট্রাফিক পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বাকি ২ জন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন