সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে জব্দকৃত চিংড়িগুলো তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করার দায়ে অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আল কাইয়ুম ফিসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, এফআইকিউসি খুলনার ইন্সপেক্টর আলমগীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম। অভিযানের সময় দেবহাটা থানা পুলিশ ও বিজিবি সদস্যরা সহায়তা প্রদান করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, পারুলিয়া মৎস্য আড়তসহ আশেপাশের বিভিন্ন আড়তে দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা চিংড়িতে জেলি পুশ করে বিক্রি করে আসছিল। এর আগেও একাধিকবার একই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও চিংড়ি জব্দ করা হলেও ব্যবসায়ীরা তাদের এই অবৈধ কার্যক্রম থামায়নি। এমন অভিযোগের ভিত্তিতেই পুনরায় এই অভিযান চালানো হয়।





