খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে রাকিব খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারসংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রূপসা নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত রাকিব খান খুলনার রূপসা উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাকের হোসেনের ছেলে এবং তার মায়ের নাম রোকসানা বেগম। মরদেহ উদ্ধারের পর নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের মা রোকসানা বেগম এবং খালু এনামুল হক মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে রাকিব নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার অনেক সন্ধান করা হলেও কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের সাত দিন পর নদী থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





