গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেল স্টেশনের উত্তর পাশের বর্হিগমণ সিগনালের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোছা. রিনা আক্তার (২৫) এবং তার দ্বিতীয় স্বামী আল আমিন। রিনা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার কন্যা। তিনি স্থানীয় আরবেলা ফ্যাশন নামক পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহত আল আমিন স্থানীয় হ্যামস গার্মেন্টসের শ্রমিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুর থেকেই ওই দম্পতিকে রেললাইনের পাশে হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছিল। সন্ধ্যার পর তারা ট্রেনের নিচে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দা লিপি বেগম জানান, বিকাল পাঁচটার দিকে দুইজন ছেলে এসে জানায় যে দুইজন মানুষ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। এরপর এলাকাবাসী গিয়ে মরদেহগুলো দেখতে পায়। আরেক স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী জানান, ভুক্তভোগীরা ময়মনসিংহগামী একটি কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে রেলপথের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
নিহত রিনা আক্তারের ভাই সুমন জানান, আগের স্বামীর সংসার ছেড়ে আসার পর রিনা আল আমিনকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সাথে তেমন যোগাযোগ ছিল না, তাই আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না।
ঘটনার খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।





