ভালোবাসা, অপেক্ষা এবং গভীর বিরহের আকুল অনুভূতি নিয়ে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’ প্রকাশিত হয়েছে। গানটি প্রেম ও হৃদয়ের না-বলা কথাগুলোর এক চিরন্তন চিত্র তুলে ধরেছে। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক। গানটির কথা ও সুর করেছেন ইশান এবং সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন আদিত রহমান।
গানটিতে এক প্রেমিকের গল্প ফুটে উঠেছে, যেখানে প্রিয় মানুষের বাঁশির সুরে সে বারবার ব্যাকুল হয়ে ওঠে। নিজেকে দূরে রাখতে চাইলেও শেষ পর্যন্ত ভালোবাসার টানেই তাকে ফিরে আসতে হয়। দুই শিল্পীর আবেগঘন কণ্ঠ ও সহজ ভাষার সুর সংযোজন গানটিকে শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় করে তুলেছে।
গানটির মিউজিক ভিডিওটিও দর্শকদের নজর কাড়ছে। নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী স্থাপনা ও শান্ত প্রাকৃতিক পরিবেশে এর শুটিং করা হয়েছে, যা গানের গল্পের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। বর্তমানে গানটি কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিসিয়াল চ্যানেলে শোনা যাচ্ছে।





