নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার সিজেপির

প্রকাশ:

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর তাদের ওপর ‘আস্থা রেখে’ আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এই ঘোষণা দেন। মূলত মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ একাধিক দাবি ছিল আন্দোলনকারীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র জমা দেওয়ার পরই এই সিদ্ধান্ত এল।

সংবাদ সম্মেলনে সিজেপি জানায়, আন্দোলনকারীদের দাবিগুলো বিবেচনা করতে রাজি হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের পরিমাণও কেন্দ্র শিগগিরই নির্ধারণ করবে বলে তিনি আশ্বস্ত করেন।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা চিঠিতে তিনি জানান, গত ১০ দিনের ঘটনাপ্রবাহে তিনি মর্মাহত এবং দেশের ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানায়, ‘তেলাপোকা জিতেছে, গণতন্ত্র জিতেছে।’

যদিও আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, তবুও পুলিশি নির্মমতার শিকার ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাতে রোববার মোমবাতি মিছিলের ডাক দিয়েছে সিজেপি। এর আগে গত রোববার বিহারের তিনটি জেলায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ও পাথর ছোড়ার ঘটনা ঘটে। ওই সময় জনশক্তি জনতা দলের (জেজেডি) প্রধান তেজ প্রতাপ যাদবকে আটক করে পুলিশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার রাতে ভিডিও বার্তায় জানান, প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নিতে আগামী সপ্তাহেই পার্লামেন্টে নতুন বিল আনা হবে। মন্ত্রিসভায় অনুমোদিত এই খসড়া বিলে প্রশ্ন ফাঁসের জন্য ১০ বছরের কারাদণ্ড ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রধান বিচারপতি সূর্য কান্তকে ধন্যবাদ জানিয়েছেন। গত ১৫ মে সুপ্রিম কোর্টে এক শুনানিতে প্রধান বিচারপতি বেকার তরুণদের ‘তেলাপোকা’ বলে সম্বোধন করেছিলেন। যদিও পরে তিনি ব্যাখ্যা দেন যে, তাঁর মন্তব্যটি আইনের ভুয়া ডিগ্রিধারীদের উদ্দেশে ছিল, কিন্তু তা তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। সেই ক্ষোভ থেকেই ১৬ মে বোস্টনে থাকা ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ ‘সিজেপি’ গঠনের ঘোষণা দেন।

জুনের শুরুর দিকে অভিজিৎ ভারতে ফিরে এসে যন্তর মন্তরের কাছে আন্দোলনের নেতৃত্ব দেন। গত ২৮ জুন থেকে শিক্ষাবিদ সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করলে আন্দোলন আরও বেগবান হয়। এরপর সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস দেওয়া হয় যে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা হবে না এবং সংসদে পরীক্ষা সংস্কারের বিষয়টি উত্থাপন করা হবে। সবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন ফাঁসের দায়ভার ও তীব্র জনমতের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করতে বাধ্য হন।

তিনি ২৬ দিন অনশনের পর চলতি সপ্তাহে তা প্রত্যাহার করেন।.আন্দোলন দ্রুত ভারতের বিভিন্ন রাজ্যের প্রধান প্রধান শহরে ছড়িয়ে পড়তে শুরু করে।

২০ জুলাই আন্দোলনকারীদের লাঠিপেটা করা ও সরকারের কঠোর অবস্থানের পরও তারা আন্দোলন চালিয়ে যায়।

শেয়ার করুন