ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকা থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশে অবস্থিত একটি পারিবারিক কবরস্থানের কাছ থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়। নিহতের পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে একপর্যায়ে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অন্য একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।





