ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শঙ্কর কৃষ্ণ দাসের বিরুদ্ধে নির্ধারিত ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি ১৫ দিনের ছুটি নিয়েছিলেন, তবে ছুটি শেষ হওয়ার পরও অতিরিক্ত সাত দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
দপ্তর সূত্রে জানা যায়, শঙ্কর কৃষ্ণ দাস গত ১২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করেন। নিয়ম অনুযায়ী তার ২৬ জুলাই কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি ২ আগস্ট অফিসে উপস্থিত হন। অর্থাৎ, ১৫ দিনের ছুটির বিপরীতে তিনি মোট ২২ দিন পর কর্মস্থলে যোগদান করেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. রাজন জানান, তিনি শঙ্কর কৃষ্ণ দাসের কাছে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান করতে না পারার কারণ জানতে চেয়েছেন। জবাবে ওই কর্মকর্তা জানিয়েছেন, পাইলসের চিকিৎসার কারণে তিনি সময়মতো ফিরতে পারেননি। ডা. রাজন আরও বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।
ঘটনার বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে উত্থাপিত এই অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





