জুলাই আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁওয়ে বিএনপি কর্মী ও পেশায় ফটোগ্রাফার জাহিদ হোসেন রাব্বী নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ মোট ১২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত আগামী ২ নভেম্বরের মধ্যে এই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মামলাটি দায়ের করেন রাব্বীর মামা ও খিলগাঁও থানার ঝিলপাড় ইউনিটের যুবদল সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন।
মামলার আসামিদের তালিকায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তারিক আহমেদ সিদ্দিকী। এছাড়াও সাবেক মন্ত্রী আনিসুল হক, হাছান মাহমুদ, কামরুল ইসলাম, আসাদুজ্জামান নূর, শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আব্দুর রাজ্জাক, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবীর নানক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় আরও রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক এবং তিন সাবেক সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, আতিকুর রহমান ও জাহাঙ্গীর আলম। সাবেক সংসদ সদস্যদের মধ্যে মাহবুব-উল-আলম হানিফ, শেখ হেলাল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন), নূর মোহাম্মদ, সাইফুজ্জামান শেখর, নূরুন্নবী চৌধুরী শাওন, নজরুল ইসলাম বাবু ও ডা. হাবিব এ মিল্লাতকে আসামি করা হয়েছে।
প্রশাসন ও পুলিশের সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তোফাজ্জল হোসেন মিয়া, মাহবুব হোসেন, হারুন অর রশীদ বিশ্বাস, ধনঞ্জয় কুমার দাস, আবুল ফজল মীর বাদল ও শায়লা ফারজানা শিউলি। আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ কে এম শহীদুল হক, বেনজীর আহমেদ, জাবেদ পাটোয়ারী ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম রয়েছে। এছাড়া জিয়াউল আহসান, মো. আছাদুজ্জামান মিয়া, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ, মনিরুল ইসলাম ও আব্দুল কাহার আকন্দ এবং আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, নজিবুল্লাহ হিরু, মোশাররফ হোসেন কাজল ও খুরশীদ আলম খানকেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের শেষ দিনে খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় দুপুর ২টার দিকে জাহিদ হোসেন রাব্বী গুলিবিদ্ধ হন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন পিবিআই তদন্ত করে দেখবে ঠিক কী ঘটেছিল এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা কতটুকু।





