সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামকে কথোপকথন করতে শোনা যায়। অডিওতে তাকে বলতে শোনা যায় যে, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে শেখ হাসিনার এখনই দেশে ফিরে আসা উচিত। তিনি আরও বলেন, রাস্তার পুলিশ দুর্বল, তাই তার এখনই চলে আসা প্রয়োজন। একইসঙ্গে সেনাবাহিনীকে শুধু ক্যান্টনমেন্টের ভেতরে থাকার নির্দেশনা দেওয়ার বিষয়েও তাকে কথা বলতে শোনা যায়। অডিওতে আরও বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে অবশেষে ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হলো।





