ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশ:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুবেল খান (৩১) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আহত রুবেল শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করলে রুবেল গুরুতর আহত হন। ঘটনার পরপরই রুবেল ও তার সঙ্গীরা বাংলাদেশে ফিরে আসেন। প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

আহত রুবেলের স্ত্রী সানজিদা বেগম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দাবি করেন, সোমবার রাতে রুবেল বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিএসএফের ছোড়া একটি গুলি তার বুকের বাম পাশের নিচের অংশে লাগে।

ঘটনার বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, একজন আহত হওয়ার বিষয়টি তারা অবগত আছেন এবং তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। আহত ব্যক্তির পরিবারের সঙ্গে বিজিবির কথা হয়েছে এবং তারা রুবেলের বুকে রাবার বুলেট লাগার বিষয়টি জানতে পেরেছেন। বিজিবি পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন