বেরোবিতে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ:

ডিজিটাল যুগে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে "Training on Cyber Security and Digital Safeguarding" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি কেআইকে ও জিআইজেড-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং সম্মানিত অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হলেই হবে না, বরং সাইবার নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা এবং ডিজিটাল নৈতিকতা সম্পর্কেও সচেতন হওয়ার আহ্বান জানান। উপাচার্য আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি ও প্রধান বক্তা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সাইবার অপরাধের বিভিন্ন ধরন, অনলাইন প্রতারণা প্রতিরোধ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল সেফগার্ডিং এবং সাইবার ঝুঁকি মোকাবিলার কার্যকর কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

শেয়ার করুন