ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাহকদের জ্বালানি তেল কম দেয়ার অভিযোগে মেসার্স আরেফিস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ভাদুঘর (মোল্লাবাড়ি মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, মেসার্স আরেফিস ট্রেডার্স পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এই প্রতিষ্ঠানে ক্রেতাদের প্রতি লিটারে কম তেল দেয়া হচ্ছে।
অভিযানকালে সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদ প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলি লিটার তেল কম দিচ্ছেন। এই অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





