৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত শারদীয় দুর্গাপূজা

প্রকাশ:

কিশোরগঞ্জের কটিয়াদীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হয়। কটিয়াদী পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত প্রতিমা বিসর্জনের এই আয়োজনে বিভিন্ন পূজামণ্ডপ থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা ভিড় করেন।

কটিয়াদী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুল হক সজল সরকার।

ঢাক-ঢোলের বাদ্য, উলুধ্বনি এবং ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানোর আয়োজনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভক্তদের মধ্যে একদিকে ছিল উৎসবের আনন্দ, অন্যদিকে বিসর্জনের বিষণ্ণতা। প্রতিমা বিসর্জনের এই আনুষ্ঠানিকতার মাধ্যমে ভক্তরা এখন আগামী বছরের দুর্গোৎসবের অপেক্ষায় প্রহর গুনছেন।

উৎসবে উপস্থিত সংশ্লিষ্টরা জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসবের এই আয়োজন এবং প্রতিমা বিসর্জন ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তারা আশা রাখেন। নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জনের মাধ্যমেই পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার সকল আনুষ্ঠানিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুন