রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি পরিত্যক্ত ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশনের নিচের সড়কে ছাতাটি পড়ে থাকতে দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন।
পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এই উদ্ধার অভিযান পরিচালনার সময় ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এক কর্মকর্তা জানান, উদ্ধারকৃত বোমাটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি) এবং এ ধরনের বোমা অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, মেট্রোরেল স্টেশনের নিচের সড়কের পাশ থেকে বোমাটি উদ্ধার করা হয়েছে। এর ফলে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে মেট্রোরেল পুলিশের (এমআরটি) উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর এ বিষয়ে জানতে চাইলে জানান, তিনি প্রতিবেদন তৈরিতে ব্যস্ত থাকায় এ নিয়ে এখনই মন্তব্য করতে পারছেন না।





