বিএনপির কেন্দ্রীয়সহ দলের সকল স্তরের কমিটিতে থাকা শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে দলটি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, দলের বিভিন্ন কমিটিতে থাকা নেতাদের মৃত্যু বা বহিষ্কারের কারণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী, শূন্য পদের বিপরীতে নিচের পদগুলোতে থাকা নেতাদের পদোন্নতি দেওয়ার বিষয়টি যাচাই-বাছাই করা হবে।
বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। রুহুল কবির রিজভী জানান, আগামী ২৯ অক্টোবর এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। ১৬ সেপ্টেম্বর ফরম জমা দেওয়ার পর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।
জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ডেঙ্গু মোকাবিলায় দলীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্তও হয়েছে বৈঠকে। সরকার ডেঙ্গু সচেতনতায় যে কর্মসূচি নিয়েছে, দল তা সাধারণ মানুষের মাঝে প্রচার করবে। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারসহ বিভিন্ন স্থানে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজনে দল থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।
বিএনপির জাতীয় কাউন্সিল বা স্থানীয় নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে রিজভী জানান, আজকের বৈঠকে কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শনিবারে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। আজও তিনি নাটোর, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি পরামর্শ দিয়েছেন যে, দল থেকে সরাসরি প্রার্থী না দিলেও একজনকে সমর্থন দেওয়া হবে এবং সবাইকে সেই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। রোববার স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে বলেও জানান তিনি।





