ক্ষমতায় বসেই জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি: এটিএম মা’ছুম

প্রকাশ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম অভিযোগ করেছেন যে, ক্ষমতায় বসার পর থেকেই বিএনপি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে অস্বীকার করছে। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী জোন জামায়াতে ইসলামীর আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে কোনো রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করে মাওলানা মা’ছুম বলেন, সরকার শহীদ এবং আহত বা পঙ্গুত্ব বরণকারীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার আসলে জুলাইয়ের চেতনায় বিশ্বাস করে কি-না তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। তিনি সতর্ক করে বলেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

তিনি আরও বলেন, গণভোটের রায় মেনে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তবে শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় সরকার নিজেই তা বাস্তবায়নে বাধ্য হবে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক গঠনমূলক সমালোচনা সহ্য করতে না পারা ফ্যাসিবাদের লক্ষণ। জামায়াতে ইসলামী বিরোধীদল হিসেবে গঠনমূলক সমালোচনা করায় সরকারের অনেক মন্ত্রী এখন ফ্যাসিস্ট হাসিনার ভাষায় কথা বলছেন। তিনি সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, হাসিনার মতো ফ্যাসিবাদী পথে হাঁটলে এবং জনগণকে উপহাস করলে শেষ পর্যন্ত তাকেও হাসিনার মতোই দেশ ছেড়ে পালাতে হবে।

শিক্ষাশিবিরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল আসাদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ড. আব্দুল মান্নান। অনুষ্ঠানটিতে দারসুল কোরআন পেশ করেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম।

শেয়ার করুন