জনগণের চোখের কাঁটা পাটোয়ারীরা, দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি বিএনপির

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের স্থানীয় নেতারা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আয়োজিত এই বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “পাটোয়ারীরা আজকে জনগণের চোখের কাঁটায় পরিণত হয়েছে। তারা এ দেশকে একটি খারাপ অবস্থায় নিয়ে যেতে চায়। এই অবস্থা আমরা চলতে দেব না।”

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, “জনগণকে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমরা বিরোধী দলকে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।”

এ সময় সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বৃষ্টি হলে প্রধানমন্ত্রী তার স্ত্রীর মাথায় ছাতা ধরেছিলেন, যা নিয়ে সমালোচনা করা হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, “বড় বড় গণতান্ত্রিক দেশে নির্বাচনী সভায় প্রার্থীরা স্ত্রীদের পরিচয় করিয়ে দেন, কারণ মানুষ দেখে একজন প্রার্থী তার স্ত্রীর সঙ্গে কী ধরনের আচরণ করেন। অথচ আজকে নারীদের অবস্থানকে বিরোধী দল, গুপ্ত সংগঠন ও এনসিপি অস্বীকার করছে।”

সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফাতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ এবং মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন