কুমিল্লা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে প্রতিহত করল বিজিবি

প্রকাশ:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে চার ব্যক্তিকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তটির শূন্য লাইনের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম রোববার দুপুর দেড়টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে এক নারী ও তিন শিশুসহ মোট চারজন জোরপূর্বক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছাকাছি তাদের শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।

লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

শেয়ার করুন