পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ নিয়ে আলোচনা চলছে। এই প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
দুবাইয়ে বেনজীর আহমেদের জামিন পাওয়ার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে সর্বশেষ কোনো তথ্য তার কাছে নেই। বিভিন্ন বৈঠক শেষে আসার কারণে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপডেট না জেনে মন্তব্য করা সমীচীন হবে না। এ বিষয়ে হালনাগাদ তথ্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।





