দুবাইয়ে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

প্রকাশ:

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই আমিরাতের একটি আদালত শর্ত সাপেক্ষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতের দেওয়া শর্ত অনুযায়ী, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি আমিরাত ত্যাগ করতে পারবেন না।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশের সহায়তায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়েছিল। গত বছরের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন আদালত।

২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় তার নাম ছিল। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে দুর্নীতির অভিযোগ উঠলে তদন্তের মুখে দেশ ছাড়েন তিনি। তার বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শেয়ার করুন