বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নীতিমালা জারি

প্রকাশ:

বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার ‘বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি/পদায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে। রোববার প্রকাশিত এই নীতিমালায় সরকারি কলেজে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের বদলি প্রক্রিয়ার রূপরেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে জনস্বার্থে সরকার যেকোনো সময় যেকোনো কর্মকর্তাকে যেকোনো কর্মস্থলে বদলি বা পদায়ন করার ক্ষমতা সংরক্ষণ করবে।

নতুন নীতিমালার একটি বড় পরিবর্তন হলো বদলি ও পদায়নের ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এখন থেকে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের বদলি বা পদায়নের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের হাতে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের বদলি ও পদায়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে। এর আগে শিক্ষা ক্যাডারের সব স্তরের বদলির ক্ষমতা মন্ত্রণালয়ের হাতেই কেন্দ্রীভূত ছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া আরও গতিশীল হবে।

নীতিমালা অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্ত প্রভাষক বা বর্তমান কর্মস্থলে দুই বছর পূর্ণ না হওয়া কোনো শিক্ষক সাধারণত বদলির আবেদন করতে পারবেন না। তবে গুরুতর শারীরিক, মানসিক বা পারিবারিক সমস্যার ক্ষেত্রে এই সময়সীমার আগেও আবেদন করা যাবে, যা সরকার যৌক্তিকতা সাপেক্ষে বিবেচনা করবে। এছাড়া স্বামী-স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে একজনের কর্মস্থল বা নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে অন্যজনের বদলির আবেদনের সুযোগ রাখা হয়েছে। অবসর-পূর্ব প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাওয়ার এক বছর আগে সুবিধাজনক স্থানে বদলির আবেদনের ক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়ার বিষয়ে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে। অসম্পূর্ণ তথ্য বা পার্সোনাল ডাটা শিট (পিডিএস) হালনাগাদ না থাকলে আবেদন বিবেচনা করা হবে না। আবেদন মূল্যায়নের সময় ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, পেশাগত প্রয়োজন, দূরারোগ্য অসুস্থতা এবং নিজ জেলা থেকে দূরত্বের মতো বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে। উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের সরকারি কলেজের শূন্য পদগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পদায়নের ব্যবস্থাও রাখা হয়েছে এই নীতিমালায়।

শেয়ার করুন