আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতায় আসিয়ানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ

প্রকাশ:

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারি, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্নের মতো বৈশ্বিক সমস্যা মোকাবিলায় বাস্তবভিত্তিক ও সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবিলা কাঠামো তৈরির প্রস্তাব করেন, যা সম্মিলিত প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় করণীয় বিষয়গুলোও তুলে ধরেন।

পাঁচ দশক আগে স্বাক্ষরিত টিএসি চুক্তিতে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিগুলো নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ ২০০৭ সালে এই চুক্তিতে যোগদান করে এবং আসিয়ানের নীতিভিত্তিক কাঠামোর সঙ্গে আবদ্ধ হওয়া দক্ষিণ এশিয়ার প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে ভূমিকা রাখে।

ম্যানিলা সফরের অংশ হিসেবে ড. খলিলুর রহমান ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। টিএসির বার্ষিকীর অনুষ্ঠানের ফাঁকে তিনি চিলি, নেদারল্যান্ডস, ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, পানিসম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং সার্কুলার ইকোনমির মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

শেয়ার করুন